দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করাতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সন্তানের মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো ছেলের মুখ দেখেন শারমিন সুলতানা।
শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু বিষয়টি নিশ্চিত করে জানান, কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দুপুর ১২টার দিকে তাঁদের দেখা হয়। এরপর তাঁরা সেখান থেকে ফিরে যান।
এর আগে নিরাপত্তাঝুঁকির কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে পরিবারকে জানায় কারা কর্তৃপক্ষ। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও মানবিক বিবেচনায় কারাফটকে দুই মিনিটের মতো সন্তানের মুখ দেখার ব্যবস্থা করা হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে এই ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিনের অসুস্থ সন্তানের চিকিৎসা ও মুক্তির আকুতি জানানো একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। মৃত্যুর আগে ছেলেরও মায়ের মুক্তি চেয়ে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
এমজে